Wednesday, September 30, 2026

দ্যা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫ বিশ্ববিদ্যালয়, তালিকায় এগিয়ে ৫ বেসরকারি প্রতিষ্ঠান


প্রতীকী ছবিঃ টিএইচই-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া অ্যালফাবেটিক অনুযায়ী দেশসেরা ১২ বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (দ্যা) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ তালিকায় র‌্যাঙ্কিংয়ের বাইরে থাকা আরও ১০টি প্রতিষ্ঠানসহ দেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্যা-এর ওয়েবসাইটে প্রকাশিত ২০২৭ সালের র‌্যাঙ্কিং থেকে এ তথ্য জানা গেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষার মান, শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত, গবেষণার পরিবেশ ও মান, গবেষণার প্রভাব, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০ র‌্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই চার প্রতিষ্ঠান একই র‌্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে।

পরবর্তী ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১২০১ থেকে ১৪০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এ ছাড়া ১৪০১ থেকে ১৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

দেশের আরও দুটি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ১৮০১ থেকে ২০০০ র‌্যাঙ্কিং ব্যান্ডে রয়েছে।

এবারের মূল্যায়নে অংশ নিলেও মূল র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

THE-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে শিক্ষার পরিবেশ, গবেষণা, গবেষণার প্রভাব, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়। এসব সূচকের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক অবস্থান নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

এবার বাংলাদেশের শীর্ষ ১২টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকায় দেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণ ও অবস্থানের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন