Sunday, July 12, 2026

দলীয়করণ বন্ধ না হলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়, রাজশাহীর সমাবেশে সারজিস আলম


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম সব ক্ষেত্রেই নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে আয়োজিত এনসিপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, জুলাইয়ের আগে যেসব অনিয়ম ও প্রভাব বিস্তারের চিত্র দেখা গেছে, পরবর্তী সময়েও তার পুনরাবৃত্তি ঘটছে। স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা, টেন্ডার বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ এমন রাজনীতির পাশে থাকতে চায় না।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরে গড়ে ওঠা একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থাকে রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। তবে নাগরিকদের সচেতন অংশগ্রহণ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠলে আগামী কয়েক বছরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। কিন্তু সংবাদ পরিবেশনে যদি দলীয় প্রভাব কাজ করে এবং সমালোচনামূলক তথ্য গুরুত্ব না পায়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে। একইভাবে প্রশাসন ও ব্যবসায়িক ক্ষেত্রেও দলীয় প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে এনসিপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের পক্ষে সমর্থন চান সারজিস আলম। তিনি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা যোগ্য ও সৎ নেতৃত্ব স্থানীয় সরকারে দায়িত্ব পেলে জনগণের প্রত্যাশা পূরণ করা সহজ হবে। জনগণের ভোটে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠার ওপরও তিনি গুরুত্ব দেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন এবং রাজশাহী মহানগর সভাপতি মোবাশ্বের আলীসহ দলের অন্যান্য নেতারা।

এর আগে গোদাগাড়ী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সমাবেশে অংশ নেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন