Thursday, April 9, 2026

ডিজিটাল নকল বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ: শিক্ষামন্ত্রী


ফাইল ছবিঃ আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নকল প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং UNICEF।

শিক্ষামন্ত্রী বলেন, প্রচলিত অর্থে আগের মতো নকল এখন খুব একটা দেখা যায় না। তবে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন ধরনের ‘ডিজিটাল নকল’ বাড়ছে, যা নিয়ন্ত্রণে আনতে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

তিনি উল্লেখ করেন, পরীক্ষায় অনৈতিক সুবিধা নিতে প্রযুক্তিনির্ভর নানা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রবণতা বন্ধে কার্যকর আইন তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে প্রশ্নপত্র ফাঁস একটি বড় সমস্যা ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের ঘটনা বন্ধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তাদের ওপরই বর্তায়। সুশিক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কাছে দেশে নকলের বর্তমান অবস্থা জানতে চাইলে তারা ‘না’ সূচক জবাব দেন। তবে মন্ত্রী মনে করেন, প্রযুক্তিনির্ভর নকল পুরোপুরি নির্মূল করতে এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন