Thursday, April 9, 2026

শিক্ষায় বড় পরিবর্তন: মহানগরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে অনলাইন-অফলাইন ক্লাস


ফাইল ছবিঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে সশরীরে ক্লাস এবং বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং UNICEF।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহের তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালিত হবে। প্রস্তাবিত সূচি হলো—

  • শনিবার: সশরীরে ক্লাস

  • রবিবার: অনলাইন

  • সোমবার: সশরীরে

  • মঙ্গলবার: অনলাইন

  • বুধবার: সশরীরে

  • বৃহস্পতিবার: অনলাইন

শুক্রবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।

মন্ত্রী জানান, এই পদ্ধতি আপাতত দেশের সব জায়গায় নয়, শুধুমাত্র মহানগর ও মেট্রোপলিটন এলাকার অতিরিক্ত শিক্ষার্থীসংখ্যা থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এটি সম্প্রসারণ করা হতে পারে।

অনলাইন ক্লাস কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী। এ জন্য ইন্টারনেট সংযোগসহ অন্যান্য সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে না। শিক্ষাব্যবস্থায় বিরূপ প্রভাব পড়তে পারে—এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের আশা, নতুন এই মিশ্র (হাইব্রিড) পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রযুক্তিগত দক্ষতা এবং সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন