- ০৪ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা মহানগরের যানজট কমাতে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও বিদ্যমান বাধাগুলো দ্রুত দূর করে নির্মাণকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দেন।
প্রকল্প বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশনা দেন তিনি।
সভায় প্রকল্পের অগ্রগতি যেন দ্রুত দৃশ্যমান হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
বৈঠকে সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।