- ০২ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রায় ছয় মাসের অনিশ্চয়তার পর অবশেষে মুক্তির পথে এগোচ্ছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সম্পাদনার কাজ শেষ হলে চলতি জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা শেষে নির্মাতাদের কয়েকটি দৃশ্যে পরিবর্তনের পরামর্শ দিয়েছে। বর্তমানে সেই নির্দেশনা অনুযায়ী সম্পাদনা ও ডাবিংয়ের কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব হবে। একই সঙ্গে ছবিটি ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সনদ পেতে পারে বলেও আলোচনা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের পক্ষ থেকেও জানানো হয়েছে, মুক্তির সম্ভাব্য সময় হিসেবে জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহকেই লক্ষ্য রাখা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।
পরিচালক এইচ. বিনোদের রাজনৈতিক প্রেক্ষাপটের এই সিনেমাটি প্রথমে ২০২৬ সালের পঙ্গল উৎসব উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। তবে সেন্সর জটিলতার কারণে নির্ধারিত সময়ে দর্শকদের সামনে আসতে পারেনি ছবিটি।
মুক্তি বিলম্বিত হওয়ার পেছনে ছিল একাধিক কারণ। শুরুতে কিছু দৃশ্যে কাটছাঁটের সুপারিশ করা হলেও পরে কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবিটি পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়। অভিযোগে দাবি করা হয়েছিল, চলচ্চিত্রের কিছু অংশ ধর্মীয় অনুভূতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপস্থাপন নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। এরপর থেকেই ছবিটির ছাড়পত্র প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।
এর মধ্যেই সেন্সর প্রক্রিয়া চলাকালে ছবির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়, যা নির্মাতাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটি তদন্তে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েকজনকে গ্রেপ্তারও করে।
‘জন নায়গন’কে বিজয়ের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কারণ, রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন গৌতম মেনন, প্রিয়া ভবানী শংকর ও যোগী বাবুসহ একাধিক জনপ্রিয় শিল্পী।