Monday, October 5, 2026

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইয়ুব আলীর মৃত্যু


ছবিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক আহ্বায়ক মো. আইয়ুব আলী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এক শোকবার্তায় রিজভী বলেন, আইয়ুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি আস্থাশীল ছিলেন। দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রিজভী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও আইয়ুব আলী সক্রিয় ছিলেন। তাঁর রাজনৈতিক ভূমিকা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও শোকবার্তায় উল্লেখ করেন তিনি।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে রিজভী বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এ কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন। একই সঙ্গে তিনি আইয়ুব আলীর পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও পৃথক শোকবার্তায় আইয়ুব আলীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি আইয়ুব আলীকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন। তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানান ফরহাদ হোসেন আজাদ।

দলীয় সূত্রে জানা গেছে, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সংগঠনটির সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন