- ৩০ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনীতি ও বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, আগামী দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে। একই সঙ্গে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে বাংলাদেশে রাজনৈতিক সংলাপ ও বিভিন্ন পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করা হয়। বিশেষ করে জুলাই আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সংলাপের পরিবেশ তৈরিতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্য নেতারা।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতেও যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।