Wednesday, September 30, 2026

আশুলিয়ায় পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তা গ্রেপ্তার


ছবিঃ এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ পোশাক কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তারা দুজনই ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে কারখানার ভেতরে বাইরে থেকে লোকজন এনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হয়। এতে গ্রেপ্তার দুই কর্মকর্তা ছাড়াও কারখানার কর্মী এবং বাইরের কয়েকজন ব্যক্তি অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, আয়োজনে ধারণ করা ভিডিও পরে বিভিন্ন স্থানে পাঠানো হয়। বিষয়টি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরে রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখান থেকেই রুবেল ও শাহিনকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার রুবেল ইসলাম রংপুরের কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি পোশাক কারখানাটিতে সুইং সুপারভাইজার হিসেবে কাজ করছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হলে শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, ওই আয়োজনের সঙ্গে আরও যারা জড়িত ছিলেন, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন