Monday, May 25, 2026

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, রাতভর গোলাগুলি


ছবিঃ জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় র‍্যাব ও পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। হামলার পর যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের দীর্ঘ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, রাত ১টার পর সদ্য স্থাপিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ক্যাম্পের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও পুলিশ সদস্যরা পাল্টা অবস্থান নিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পর রাত ৩টার দিকে বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশ সদস্য যৌথ অভিযান শুরু করে। অভিযানে পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলা হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযানের আগে ও পরে এলাকার বিভিন্ন সড়ক কেটে ফেলা হয় এবং কয়েকটি কালভার্ট ভেঙে দেওয়া হয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন সহজে প্রবেশ করতে না পারে। এতে পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় ১০ থেকে ১২ জন র‍্যাব ও পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জঙ্গল সলিমপুরের কুখ্যাত ইয়াসিন বাহিনী এ হামলার সঙ্গে জড়িত। অভিযানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি সরকার জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিলেও নতুন এ হামলার ঘটনায় আবারও আলোচনায় এসেছে এলাকাটির নিরাপত্তা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি, মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুরকে চট্টগ্রামের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি একই এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভুঁইয়া নিহত হন। সেই ঘটনার পর থেকে এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন