Thursday, March 19, 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের মৃত্যু, শিক্ষাঙ্গনে শোকের ছায়া


ফাইল ছবিঃ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য ছিলেন। এছাড়াও তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ চট্টগ্রামের শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিন পুত্র সন্তানের জনক তিনি এবং স্ত্রী জান্নাতুন্নেছা গৃহিণী।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে এইচএসসি পাশ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ থেকে এশিয়ার ‘বেস্ট বি স্কুল অ্যাওয়ার্ড ২০১২’-এ ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ পদে ভূষিত হন।

কর্মজীবন শুরু করেন ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। পরবর্তীতে ২০০১ সালে উপ-উপাচার্য ও ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

শিক্ষা ও ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁর মৃত্যুতে দেশব্যাপী শিক্ষাবিদ, ছাত্র ও সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন