- ১৯ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের ২য় ধাপের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইউনিট ও বিভাগের শূন্য আসনের সংখ্যা মোট ৭০৪টি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২য় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ (সোমবার)। শুধুমাত্র পূর্বে পছন্দক্রম (Choice Form) পূরণ করা শিক্ষার্থীরাই সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে ফরম সংগ্রহ করে আবেদন জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে পরবর্তী ধাপে আবেদন বিবেচনা করা হবে না। এছাড়া, ভর্তি বাতিল বা অন্যান্য কারণে শূন্য আসনের সংখ্যা পরিবর্তিত হতে পারে। তবে পূর্বে মেধাতালিকা থেকে ভর্তির সুযোগ পেলেও ভর্তি না হওয়া শিক্ষার্থীরা এ ধাপে আবেদন করতে পারবেন না।
শূন্য আসনের বিভাগের বর্ণনা অনুযায়ী, ‘এ’ ইউনিটে ২৭৩টি, ‘বি’ ইউনিটে ৯৩টি, ‘ডি’ ইউনিটে ৭৪টি এবং ‘ই’ ইউনিটে ৭৭টি আসন খালি রয়েছে। এছাড়া ‘সি’ ইউনিটের বিভিন্ন বিভাগ ও শিফটেও একাধিক আসন ফাঁকা আছে। মোট ৩৯৮টি আসন ছাত্রদের জন্য এবং ৩০৬টি আসন ছাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে।