Wednesday, February 4, 2026

চৌদ্দগ্রামে জামাতের নির্বাচনী জনসভা: মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা


ছবিঃ জামায়াতের আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কিংবা দুর্নীতির স্থান হবে না। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবে।”

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় দশকে যারা নিপীড়নের শিকার হয়েছেন, আগামী বাংলাদেশ তাদের পক্ষেই দাঁড়াবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতার জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করছে। ১১-দলীয় জোটের সব প্রার্থীর প্রতীকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূল করাই তাদের লক্ষ্য। তবে একই সঙ্গে তিনি সংশোধনের সুযোগের কথাও উল্লেখ করে বলেন, সবাই যেন হালাল উপার্জনের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে—এমন পরিবেশই তারা গড়ে তুলতে চান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়; এটি গণআন্দোলনের ধারাবাহিকতা। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিচ্ছে। তবে জনগণ যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো শাসনের নামে জনগণকে শোষণ করেছে। তিনি দাবি করেন, দেশের মানুষ আর কোনো ‘রাজনৈতিক বংশতন্ত্রের’ হাতে নিজেদের ভবিষ্যৎ তুলে দিতে চায় না। দ্বিচারিতার রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, জনগণ আর ভণ্ডামির রাজনীতি গ্রহণ করবে না।

সভাপতির বক্তব্যে জামায়াত প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অতীতে দায়িত্ব পালনের সময় তিনি চৌদ্দগ্রামে রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসা বন্ধ রাখতে সক্ষম হয়েছিলেন। তিনি নিজেকে সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে দল-মত নির্বিশেষে সবার কাছে ভোট প্রার্থনা করেন।

জনসভায় আরও বক্তব্য দেন জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রনেতা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। সভা ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন