Wednesday, February 4, 2026

শেরপুরের সংঘর্ষের ঘটনায় ৪৫০ জনকে আসামি করে হত্যা মামলা


ছবিঃ নিহত জামায়াত নেতা রেজাউল করিম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শেরপুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রাজনৈতিক সংঘর্ষে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী মার্জিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার দিবাগত রাতে তিনি ঝিনাইগাতী থানায় মামলাটি করেন।

মামলায় শেরপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া এতে ২০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি নথিভুক্ত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে উত্তেজনার সূত্রপাত হয়। অনুষ্ঠানের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় মঞ্চের সামনে রাখা শতাধিক চেয়ার ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। এদিকে সহিংসতার ঘটনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন