- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশনাল কর্মবিরতিতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শনিবার সকাল থেকে জেটি ও টার্মিনালগুলোতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানামার কাজ প্রায় বন্ধ হয়ে যায়। বন্দর কর্তৃপক্ষের অধীন কর্মচারী এবং বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শুক্রবার কর্মসূচির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দর পরিচালনার সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। একই দাবিতে রোববারও আট ঘণ্টার জন্য প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
কর্মসূচি শুরুর পর বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল—এই তিনটি প্রধান টার্মিনালেই জাহাজ থেকে কনটেইনার ওঠানামা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা কিছু রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কাজ সীমিত পরিসরে চলতে দেখা গেছে।
বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী জানান, জিসিবি টার্মিনালে কার্যক্রম চালানোর জন্য শ্রমিক ও যন্ত্রপাতির অপারেটর বুকিং দেওয়ার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এতে করে ওই টার্মিনালে পণ্য ওঠানামা পুরোপুরি ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারী ও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি জানান, শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।