- ০৫ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৫ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেছেন হলিউড তারকা সেলেনা গোমেজ ও সংগীতশিল্পী-প্রযোজক বেনি ব্লাঙ্কো । বিয়ের পর দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে পরিবার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন সেলেনা।
‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ শীর্ষক পডকাস্টে স্বামী বেনি ব্লাঙ্কো ও তাঁর বন্ধু লিল ডিকির সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। সেখানে সন্তানের সংখ্যা নিয়ে কথোপকথনের এক পর্যায়ে সেলেনা জানান, তিনি চার সন্তানের মা হতে চান।
আলোচনায় লিল ডিকি জানান, তিনি ও তাঁর স্ত্রী সন্তানের সংখ্যা নিয়ে ভিন্নমত পোষণ করেন—তিনি চান সর্বোচ্চ দুই সন্তান, আর তাঁর স্ত্রী চান তিন। এ প্রসঙ্গে সেলেনা হাসতে হাসতেই বলেন, তাঁর স্বপ্ন আরও বড়—তিনি চান চারজন সন্তান।
এই ইচ্ছার পেছনের অনুপ্রেরণার কথাও তুলে ধরেন সেলেনা। তিনি জানান, ‘দ্য ফ্যামিলি স্টোন’ সিনেমার একটি পারিবারিক ডিনারের দৃশ্য তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। ছবিটিতে ডায়ান কিটন অভিনীত চরিত্রকে ঘিরে পরিবারের আবেগঘন মুহূর্ত দেখে একদিন নিজের জীবনে এমন দৃশ্যের স্বপ্ন দেখেন তিনি। তাঁর ভাষায়, বয়স বাড়লে পরিবারের সবাইকে নিয়ে ডিনার টেবিলে বসার সেই অনুভূতিটিই তিনি পেতে চান।
তবে বাস্তবতার কথাও স্বীকার করেছেন সেলেনা। তিনি বলেন, ভবিষ্যতে কী হবে, তা পুরোপুরি কারও নিয়ন্ত্রণে নেই। এক বা একাধিক সন্তান—যাই হোক না কেন, শেষ পর্যন্ত একটি সুখী পরিবারই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
এদিকে বেনি ব্লাঙ্কোও আগেই একাধিক সাক্ষাৎকারে বাবা হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। মামা হিসেবে সময় কাটাতে ভালো লাগে বলেও উল্লেখ করেছেন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন সেলেনা ও বেনি। তাঁদের বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড এবং ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক এবং ‘উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস’-এর সহশিল্পী ডেভিড হেনরি।
দাম্পত্যের শুরুতেই বড় পরিবারের স্বপ্নের কথা জানিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই তারকা দম্পতি।