- ০৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
প্রায় পাঁচ দশক পর আবারও মানবচালিত চন্দ্র অভিযান সফলভাবে সম্পন্ন করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দীর্ঘ ১০ দিনের মিশন শেষে ওরিয়ন মহাকাশযান–এ থাকা চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন।
মিশনটি কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফেরার মাধ্যমে নতুন এক মাইলফলক তৈরি করে। ফেরার সময় মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের প্রশান্ত মহাসাগরে সফলভাবে স্প্ল্যাশডাউন করে।
নাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ০৭ মিনিটে (জিএমটি০০:০৭) মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রায় ১৩ মিনিটের ভয়াবহ পুনঃপ্রবেশ প্রক্রিয়া অতিক্রম করে। এ সময় তাপমাত্রা প্রায় ২,৭৬০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, ফলে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই মিশনে ছিলেন চারজন নভোচারী— রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। তারা চাঁদের অদৃশ্য পাশ ঘুরে পৃথিবীতে ফেরার পথে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ সম্পন্ন করেন।
মিশন কন্ট্রোলের সঙ্গে শেষ মুহূর্তে যোগাযোগে কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তারা চাঁদকে স্পষ্টভাবে দেখতে পেয়েছেন এবং এটি আগের দিনের তুলনায় ছোট মনে হয়েছে। উত্তরে হিউস্টন কন্ট্রোল রুম থেকে শোনা যায়, “তাহলে আমাদের আবার যেতে হবে।”
পৃথিবীতে ফিরে আসার পর রিকভারি টিম দ্রুত ক্যাপসুলটি উদ্ধার করে এবং নভোচারীদের নিরাপদে বের করে আনে। তারা সামান্য যোগাযোগ সমস্যার কথা বললেও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
নাসা জানিয়েছে, এই মিশন ভবিষ্যতের আরও বড় চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ হিসেবে কাজ করবে, বিশেষ করে আসন্ন আর্টেমিস–৪ মিশনের প্রস্তুতিতে, যেখানে চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণের পরিকল্পনা রয়েছে।
নাসার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, এই সফল অভিযান প্রমাণ করেছে যে গভীর মহাকাশে মানব মিশন পরিচালনা ও নিরাপদে ফিরিয়ে আনা এখন আরও বাস্তবসম্মত হয়ে উঠছে।