- ১১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আবারও বেড়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন শিশু ভর্তি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন আছে মোট ৭৭ জন শিশু। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব নতুন রোগী ভর্তি হয়।
চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭১ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৪ জন শিশু। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে শিশু ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে রোগী আসতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে। পরিস্থিতি মোকাবিলায় ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৯৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন শিশু ভর্তি হলেও এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।