- ০৪ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চামড়া শিল্পের বিভিন্ন খাতে দক্ষ জনবল গড়ে তুলতে তিনটি বিশেষায়িত অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (আইএলইটি)। সরকারি অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিআইসিপি)-এর আওতায় এসব কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রশিক্ষণে অংশ নিতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো টিউশন ফি নেওয়া হবে না। পাশাপাশি শিক্ষার্থী ভাতা ও ইন্টার্নশিপ ভাতার সুযোগ থাকছে। কোর্স শেষ করার পর সংশ্লিষ্ট শিল্প ও কর্মক্ষেত্রে চাকরির সুযোগ তৈরির ব্যবস্থাও থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএলইটির বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি কোর্সে মোট ৯০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সে ৩০ জন করে প্রশিক্ষণার্থী নেওয়া হবে।
কোর্সগুলো হলো ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর’, ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন অটোমেশন অ্যান্ড এআই ফর ডিজাইন’ এবং ‘অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন লিন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স’।
প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবে হাতে-কলমে কাজ শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের চামড়া শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
কোর্স সফলভাবে শেষ করা প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মক্ষেত্র ও শিল্পকারখানায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে আবেদন করার সময় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি জমা দিতে হবে। কর্মজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য হলে কাজের অভিজ্ঞতার সনদও দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের আইএলইটির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ অক্টোবর।
কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের সাক্ষাৎকারের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। সম্ভাব্য ভর্তি ১২ নভেম্বর এবং ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া যারা আগে এসইআইপি (SEIP) বা সিআইসিপি (SICIP)-এর অধীনে কোনো কোর্সে অংশ নিয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।