Friday, October 2, 2026

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ হবে না: অর্থমন্ত্রী


ফাইল ছবিঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নিয়োগের নীতি অনুসরণ করছে সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সরকারের সংস্কার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে রাজনৈতিক প্রভাব ছাড়াই নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দেশের পুঁজিবাজারের কাঠামোতেও পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আমির খসরু। তাঁর মতে, দীর্ঘদিন ধরে খুচরা বিনিয়োগকারীদের ওপর বেশি নির্ভরশীল থাকা পুঁজিবাজারকে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পুঁজিবাজারের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়নের কথা বলেন। লেনদেন ও অন্যান্য কার্যক্রমকে পুরোপুরি কাগজবিহীন করার লক্ষ্যেও কাজ করার আহ্বান জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আইসিবিকে প্রচলিত কার্যক্রমের গণ্ডি থেকে বেরিয়ে আরও বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের আধুনিকায়নে প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আন্তর্জাতিক বিনিয়োগের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের পুঁজিবাজারে নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রাইভেট ফান্ড, জলবায়ু অর্থায়ন ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে দেশের বাজারে আন্তর্জাতিক পুঁজি আনার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের আর্থিক ব্যবস্থাপনা ও চর্চার সঙ্গে আরও বেশি পরিচিত হওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী। তাঁর আশা, আইসিবি অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, যথাযথ বাজার বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ এবং উচ্চ সুদে অর্থ সংগ্রহ করে বিনিয়োগ করা আইসিবির বর্তমান সমস্যাগুলোর অন্যতম কারণ। এ পরিস্থিতিতে বিনিয়োগ পোর্টফোলিও পুনর্বিন্যাসের পাশাপাশি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন