- ১২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং সমসাময়িক জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং রাত ৯টা ৫০ মিনিটে শেষ হয়।
বৈঠকে দেশের বিভিন্ন জেলায় বন্যার বর্তমান পরিস্থিতি, দুর্গত মানুষের দুর্ভোগ, সামগ্রিক রাজনৈতিক পরিবেশ এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান পরিস্থিতিতে দলের করণীয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্যরা।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য, বৈঠকে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ১৭ মে। প্রায় দুই মাস পর অনুষ্ঠিত এই বৈঠককে দলটির চলমান রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।