Tuesday, February 17, 2026

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান আইসিইউতে


ফাইল ছবিঃ সেলিম খান ও সালমান খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ৯০ বছর বয়সী সেলিম খান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁর ছেলে ও বলিউড তারকা সালমান খান। হাসপাতালে সালমানকে উদ্বিগ্ন চেহারায় ঘোরাফেরা করতে দেখা গেছে। পরিবার থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখযোগ্য, কয়েক বছর ধরে সালমান খান ও পরিবারের বিভিন্ন সদস্য হুমকি পাচ্ছেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ে সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাকেও হুমকিপূর্ণ ই-মেইল পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের কর্ণধারের অসুস্থতা ভক্ত ও বলিউড সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বলিউডে সেলিম খান একজন কিংবদন্তি চিত্রনাট্যকার হিসেবে পরিচিত। জাভেদ আখতারের সঙ্গে তাঁর যৌথ সৃজনশীল প্রচেষ্টায় ১৯৭০-এর দশকে ‘শোলে’, ‘দেওয়াল’, ‘ত্রিশূল’-এর মতো ক্ল্যাসিক চলচ্চিত্র সৃষ্টি হয়। এই জুটি বলিউডে ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান ঘটায়, যা জনপ্রিয় হয়ে ওঠে অমিতাভ বচ্চনের মাধ্যমে। জাভেদ আখতারের সঙ্গে বিচ্ছেদের পরও সেলিম খান লিখেছেন ‘নাম’-এর মতো জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য।

ব্যক্তিজীবনে সেলিম খান প্রথমে সালমা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরবর্তীতে তিনি অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন।

গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছর পূর্ণ করেন সেলিম খান। জন্মদিন উদ্‌যাপনের কয়েক মাসের মধ্যেই তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়, যা বলিউড জগতে উদ্বেগের সৃষ্টি করেছে।

মহারাষ্ট্রের ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিয়েছে বলিউড তারকাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন