- ০৮ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি গানকে ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়ার পর অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভারতীয় র্যাপার Badshah। তার ‘টাটিরি’ শিরোনামের গানটির কথাবার্তা ও ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়।
মঙ্গলবার সংশ্লিষ্ট অভিযোগের শুনানিতে হাজির হন তিনি। সেখানে উপস্থিত ছিলেন National Commission for Women-এর চেয়ারপারসন Vijaya Rahatkar। শুনানিতে বাদশা ও তার টিম লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।
কমিশন স্পষ্টভাবে জানায়, নারীর মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো কনটেন্ট বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ করা হয়, গানের দৃশ্যায়নে নারীদের অবমাননাকরভাবে তুলে ধরা হয়েছে। এ ঘটনায় হরিয়ানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গানটির শতাধিক লিংকও সরিয়ে নেওয়া হয়।
শুনানিতে বাদশা জানান, ভবিষ্যতে তিনি দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে মনোযোগ দেবেন। তিনি নারী ক্ষমতায়নকে সামনে রেখে নতুন গান তৈরিরও অঙ্গীকার করেছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে ইতিবাচক বার্তাসমৃদ্ধ একটি গান প্রকাশের প্রতিশ্রুতি দেন।
গত মার্চে গানটি প্রকাশের পর প্রথমদিকে ভক্তদের মধ্যে সাড়া ফেললেও পরবর্তীতে এর কথাবার্তা ও দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষ করে ভিডিওতে শিক্ষার্থীদের নাচ ও কিছু অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা আবারও বিনোদন জগতে দায়িত্বশীল কনটেন্ট তৈরির প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।