Tuesday, April 21, 2026

বিতর্কের ছায়া পেরিয়ে মুক্তির পথে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’


ছবিঃ ‘মাইকেল’–এ জাফর জ্যাকসন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বজুড়ে পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা, পাশাপাশি রয়েছে সমালোচনাও।

হলিউডের বায়োপিক নির্মাণের ধারায় সফল ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র পর প্রযোজক গ্রাহাম কিং আবারও এক সংগীত কিংবদন্তির জীবন পর্দায় তুলে ধরার উদ্যোগ নেন। সেই পরিকল্পনা থেকেই জন্ম নেয় ‘মাইকেল’ প্রকল্প।

তবে শুরু থেকেই ছবিটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবনে জড়িয়ে থাকা শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ এবং একাধিক আইনি প্রক্রিয়া চলচ্চিত্র নির্মাণকে বিতর্কিত করে তোলে। যদিও ২০০৫ সালের একটি মামলায় তিনি খালাস পান এবং তার এস্টেট দাবি করে আসছে তিনি নির্দোষ ছিলেন, তবুও এসব ঘটনা জনমনে বিতর্ক তৈরি করে রেখেছে।

ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। এছাড়া আরও রয়েছেন কোলম্যান ডমিঙ্গো, মাইলস টেলার ও নিয়া লং। পরিচালনায় আছেন অ্যান্টনি ফুকো।

প্রাথমিকভাবে ধারণা ছিল, সিনেমাটি জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলোও তুলে ধরবে। তবে পরবর্তী সময়ে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নতুন সংস্করণে মূলত তাঁর শৈশব, ‘জ্যাকসন ফাইভ’-এর সঙ্গে সংগীতযাত্রা এবং একক শিল্পী হিসেবে তাঁর উত্থানকে কেন্দ্র করেই গল্প সাজানো হয়েছে। ১৯৮৮ সালের ‘ব্যাড’ ট্যুর পর্যন্ত ঘটনাগুলো এতে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী বিতর্কিত বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু বাস্তব ঘটনার আইনি জটিলতার কারণে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয় এবং অতিরিক্ত শুটিংও করতে হয়েছে, যার ফলে মুক্তি পিছিয়ে যায়।

এদিকে চলচ্চিত্রটি মুক্তির আগেই ব্যবসায়িক দিক থেকে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পী মাইকেল জ্যাকসনের গান, নাচ ও সাংস্কৃতিক প্রভাব এখনো কোটি কোটি শ্রোতার মধ্যে প্রবলভাবে বিদ্যমান।

তবে সমালোচকদের মতে, বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত চলচ্চিত্রটির গ্রহণযোগ্যতা ও বাস্তব উপস্থাপন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে। ফলে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াই নির্ধারণ করবে ছবিটির প্রকৃত অবস্থান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন