Thursday, July 2, 2026

বিশ্বকাপের মধ্যে এমবাপ্পের সঙ্গে নতুন করে আলোচনায় অভিনেত্রী এস্টার এক্সপোসিতো


ছবিঃ এমবাপ্পের সঙ্গে এস্টার এক্সপোসিতো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফিফা বিশ্বকাপের উত্তেজনায় যখন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর মাঠের লড়াইয়ে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিজীবন। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউরোপীয় বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

যদিও এমবাপ্পে কিংবা এস্টার দুজনের কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবুও গত কয়েক মাসে বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। প্যারিসে নৈশভোজ, অবকাশযাপন এবং সাম্প্রতিক কয়েকটি জনসমাগমে তাঁদের উপস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার এক্সপোসিতো অভিনয়জগতে যাত্রা শুরু করেন কিশোরী বয়সেই। ছোট পর্দায় কয়েকটি চরিত্রে অভিনয়ের পর আন্তর্জাতিক পরিচিতি পান নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিরিজটির সাফল্য তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় এবং এরপর থেকে একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

শুধু অভিনয় নয়, ফ্যাশন অঙ্গনেও এস্টার সমান জনপ্রিয়। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণায় নিয়মিত অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিশাল অনুসারী রয়েছে। তবে তিনি বরাবরই ব্যক্তিগত জীবনকে জনসম্মুখ থেকে দূরে রাখার চেষ্টা করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বাস্তব জীবনের পূর্ণ প্রতিফলন নয় এবং সুযোগ পেলেই তিনি ডিজিটাল জগৎ থেকে দূরে থাকতে পছন্দ করেন।

এ বছরের শুরু থেকেই এমবাপ্পের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। পরে ইতালির সার্ডিনিয়ায় অবকাশযাপন এবং বিশ্বকাপের আগে স্পেনের ইবিজায় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার খবর সেই আলোচনাকে আরও উসকে দেয়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার কোনো সম্পর্কের কথা স্বীকার বা অস্বীকার না করে শুধু বলেন, তিনি ভালো আছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান না।

মজার বিষয় হলো, বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার সঙ্গে নাম জড়ালেও ফুটবল সম্পর্কে নিজের জ্ঞান খুব সীমিত বলেই স্বীকার করেছেন এস্টার। তাঁর ভাষায়, ছোটবেলায় পরিবারে ফুটবল দেখার তেমন পরিবেশ ছিল না। তবে নতুন অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে খেলাটির প্রতি তাঁর আগ্রহ বাড়ছে।

বিশ্বকাপের আবহে এমবাপ্পের মাঠের পারফরম্যান্স যেমন সমর্থকদের নজর কাড়ছে, তেমনি তাঁর ব্যক্তিজীবন নিয়েও কৌতূহলের শেষ নেই। তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে দুই তারকার নীরবতা এখনো রহস্য আরও গভীর করে রেখেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন