Sunday, November 22, 2026

বিশ্ববিদ্যালয়ের ‘আন–অফিশিয়াল হিরোইন’ থেকে বড় পর্দার নায়িকা আজিজুন মিম


ফাইল ছবিঃ আজিজুন মিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

একসময় বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘আন–অফিশিয়াল হিরোইন’ নামে। বন্ধুরা যখন আড্ডায় সময় কাটাতেন, তখন তাঁর ব্যস্ততা থাকত নাটকের মহড়া নিয়ে। অভিনয়ের প্রতি সেই আগ্রহই ধীরে ধীরে তাঁকে নিয়ে এসেছে বড় পর্দায়। প্রথম চলচ্চিত্রেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তরুণ অভিনেত্রী আজিজুন মিম। তাঁর অভিনীত ‘চিরকুট’ সিনেমাটি মুক্তির ছয় সপ্তাহ পেরিয়েও প্রেক্ষাগৃহে চলছে।

মুনতাসির আকিব পরিচালিত সিনেমাটিতে শিলা চরিত্রে অভিনয় করেছেন মিম। গল্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতিরও যোগ রয়েছে। কারণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তাঁর। সেই ক্যাম্পাসেই নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার প্রচারণায় অংশ নেওয়া এবং নিজের প্রথম চলচ্চিত্রে অভিনয় দুটি অভিজ্ঞতাই তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন মিম। ২০২১ সালে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবনেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। রুমমেট স্বর্ণার মাধ্যমে পরিচয় হয় সমকাল নাট্যচক্রের উজ্জ্বল হোসেনের সঙ্গে। পরিচয়ের পর অভিনয়ের প্রস্তাব পান। মাত্র দুই দিনের প্রস্তুতিতে ‘হয়তো নয়তো’ নাটকে গল্পকথকের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে যাত্রা শুরু তাঁর।

এরপর বিশ্ববিদ্যালয়ের নাট্যদলটির হয়ে প্রায় এক ডজন নাটকে অভিনয় করেন। অংশ নেন প্রায় অর্ধশত প্রদর্শনীতে। অভিনয়ের প্রাথমিক প্রশিক্ষণ নেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আজমল হুদা মিঠুর কাছে। মিমের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয়ের প্রতি একধরনের টান অনুভব করতেন। সে কারণে বন্ধুদের আড্ডার চেয়ে মহড়াতেই বেশি সময় দিতেন। এ নিয়ে বন্ধুদের অভিযোগও শুনতে হয়েছে তাঁকে।

অভিনয়ের প্রতি এই আগ্রহ গড়ে ওঠার পেছনে সাহিত্যেরও ভূমিকা রয়েছে। তাঁর মা আফরোজা লোটাস কুষ্টিয়ার একটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। বাবা আব্দুল মজিদ একই এলাকার অন্য একটি কলেজে দর্শন বিষয়ে অধ্যাপনা করেছেন; সম্প্রতি অবসরে গেছেন। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে বাংলা সাহিত্যের নানা বিষয় জানার সুযোগ হয়েছে মিমের।

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পাশাপাশি সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুচিত্রা ভট্টাচার্যের লেখার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। উপন্যাস পড়ার সময় চরিত্রগুলো নিজের কল্পনায় সাজিয়ে নিতেন। তাঁর ধারণা, ছোটবেলার সেই পাঠাভ্যাস কল্পনার জগৎকে সমৃদ্ধ করেছে, যা অভিনয়ের ক্ষেত্রেও সহায়ক হয়েছে।

পরিবারে অভিনয়ের কোনো পূর্বসূরি না থাকলেও নিজের আগ্রহ থেকেই এই পথে এসেছেন মিম। কুষ্টিয়ার বর্ডার গার্ড পাবলিক স্কুলে পড়াশোনা শেষে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ২০২২ সালে অভিনয়ে বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়ে ঢাকায় পা রাখেন।

ঢাকায় তাঁর প্রথম কাজ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি প্রচারণামূলক বিজ্ঞাপনচিত্র। নির্মাতা মুনতাসির আকিবের পরিচালনায় ওই বিজ্ঞাপনে কাজের পর আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। পরে এই নির্মাতাই তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। সেই সূত্রেই ‘চিরকুট’-এ শিলা চরিত্রে অভিনয়ের সুযোগ আসে।

নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। সিনেমাটিতে ওই সময়ের পোশাক, অভিব্যক্তি ও জীবনযাপনের ধরন তুলে ধরতে হয়েছে মিমকে। নিজের পরিচিত ক্যাম্পাসকে পর্দায় ভিন্ন এক সময়ের আবহে দেখতে পাওয়া তাঁর জন্য ছিল নতুন অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পুরোনো শিক্ষার্থীদের ছবি দেখে যে সময় সম্পর্কে কৌতূহল তৈরি হয়েছিল, সিনেমাটির মাধ্যমে সেই সময়কে কাছ থেকে অনুভব করার সুযোগ পেয়েছেন তিনি।

প্রথম চলচ্চিত্রেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় এবং শ্যামল মাওলার মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ দুটিই মিমের জন্য ছিল চ্যালেঞ্জের। তবে চাপকে বাধা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। গত ১৬ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোড়ার গাড়িতে অংশ নেন মিম। পরিচিত ক্যাম্পাসে নিজের প্রথম সিনেমার প্রচারণা তাঁর জন্য আবেগঘন অভিজ্ঞতা হয়ে ওঠে।

সিনেমাটি ২০২৭ সালের ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগেও নির্বাচিত হয়েছে। ফলে বড় পর্দায় অভিষেকের পর মিমের অভিনয়যাত্রায় যুক্ত হয়েছে নতুন একটি অর্জন।

চলচ্চিত্রের পাশাপাশি আবৃত্তি ও কণ্ঠস্বর নিয়েও কাজ করতে আগ্রহী এই অভিনেত্রী। ঢাকায় এসে প্রাচ্যনাটের ৪১তম ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন। ভবিষ্যতে কোনো নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে কাজ করার ইচ্ছাও রয়েছে তাঁর। মঞ্চ, টেলিভিশন, ওটিটি কিংবা চলচ্চিত্র অভিনয়ের সব মাধ্যমেই নিজেকে মেলে ধরতে চান তিনি। এ ক্ষেত্রে অভিনেত্রী জয়া আহসানকে নিজের অনুপ্রেরণা মনে করেন মিম।

‘চিরকুট’-এর পর নতুন নাটক ও চলচ্চিত্রে কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে একের পর এক কাজে যুক্ত হওয়ার তাড়না নেই তাঁর। বরং গল্প ও চরিত্র পছন্দ করে ধীরে এগোতে চান। বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চে যাঁর অভিনয়ের শুরু, সেই মিমের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভালো গল্পে নিজেকে প্রমাণ করার সুযোগ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন