- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে বিনোদপুর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন রাফিদ। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেওয়ার সময় রাফিদের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কের ডিভাইডারে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে অস্ত্রোপচার কক্ষেও নেওয়া হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চিকিৎসকেরা জানান, মাথায় তীব্র আঘাতের কারণে রাফিদের মস্তিষ্কে রক্ত জমেছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার ব্যবস্থা রাজশাহীতে করা সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেয়। তারা হাসপাতালের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।
এরপর রুয়েট প্রশাসনের উদ্যোগে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ এ উদ্যোগে সমন্বয় করেন। এয়ার অ্যাম্বুলেন্স বুকিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আড়াই লাখ টাকা দেওয়া হয়।
তবে বৈরী আবহাওয়ার কারণে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাফিদকে নিয়ে সেটি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করে।
রাফিদের চিকিৎসার বিষয়ে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই শিক্ষার্থীর চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমেছে এবং রাজশাহীতে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ নেই। তাই চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, রাফিদ রুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী। তার এই সংকটময় সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখা হবে। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে রাফিদের জন্য দোয়া কামনা করেন।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা রুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিএমই বিভাগের শিক্ষার্থী মো. হিমেল ইসলাম জানান, বিনোদপুর বাজারে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে যান। পরে দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে রাফিদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তারা।
এদিকে রাফিদের চিকিৎসা ব্যয় মেটাতে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর ও শিক্ষার্থীদের উদ্যোগে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। ইতোমধ্যে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার বেশি সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। পরবর্তী চিকিৎসায় আরও ১৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাফিদের দ্রুত সুস্থতার জন্য রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।