- ০৮ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনে অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কে ঘিরে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে অভিনেতা থালাপতি বিজয়-এর সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি আরও বেশি চর্চিত হয়ে ওঠে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষাকে নিয়ে একাধিক দাবি সামনে আসে—তিনি নাকি গোপনে বিয়ে করেছেন, এমনকি তার সন্তানও রয়েছে এবং খুব শিগগির অভিনয় থেকেও সরে দাঁড়াবেন। এসব গুঞ্জনের প্রেক্ষিতে অবশেষে নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।
নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তৃষা ব্যঙ্গ করে লেখেন, তিনি নাকি সিনেমা ছেড়েছেন, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছেন এবং চার সন্তানের মা—এমন সব কথাকে তিনি ‘গল্পের বইয়ের কাহিনি’ বলে উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।
কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, তৃষা শিগগিরই চলচ্চিত্র জগৎ থেকে বিরতি নিতে পারেন। এমনকি কয়েকজন প্রযোজকের বক্তব্য উদ্ধৃত করে এ ধরনের খবর ছড়ানো হয়। তবে অভিনেত্রী সরাসরি এসব তথ্য অস্বীকার করেছেন।
অন্যদিকে, থালাপতি বিজয়-এর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনা তুঙ্গে। তার স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে নানা খবর প্রকাশিত হয়েছে। সেই অভিযোগের কেন্দ্রে তৃষার নাম জড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে।
একটি পারিবারিক অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের সম্ভাব্য বিয়ের কথাও উঠে আসে, যা দ্রুত ভাইরাল হয়।
এই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়, যখন তৃষার মা উমা কৃষ্ণান ওই ভিডিওতে প্রতিক্রিয়া জানান। অনেক ভক্ত এটিকে ইঙ্গিত হিসেবে দেখলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছেন তৃষা কৃষ্ণান। তিনি ইঙ্গিত দিয়েছেন, আপাতত অভিনয়েই মনোযোগী রয়েছেন এবং ক্যারিয়ার থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।