Wednesday, June 10, 2026

বিএসএফের পুশ ইন চেষ্টার বিরুদ্ধে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানানোর দাবি


প্রতীকী ছবিঃ গণতান্ত্রিক অধিকার কমিটি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত জোরপূর্বক পুশ ইন চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি এ ধরনের কর্মকাণ্ডকে মানবিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে ভারতের কাছে অবিলম্বে রাষ্ট্রীয় পর্যায়ে তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে পুশ ইন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে নারী, শিশু ও বয়স্কসহ অনেক মানুষ সীমান্তের শূন্যরেখায় চরম অনিশ্চয়তা ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এবং চিকিৎসাসেবার অভাবে সীমান্তে অবস্থানরত মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে শিশু ও নারীদের নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার বিষয়টি জরুরি বলে মনে করে সংগঠনটি।

গণতান্ত্রিক অধিকার কমিটির মতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাগরিকত্ব কিংবা আইনি অবস্থান নিয়ে প্রশ্ন থাকলেও আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অনুসরণ না করে তাদের সীমান্তে অনিশ্চিত অবস্থায় ফেলে রাখা গ্রহণযোগ্য নয়। মানবিক মর্যাদা ও জীবনের অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সুপারিশও তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—আটকে পড়া মানুষদের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিশুদের বিশেষ সুরক্ষা প্রদান, এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা।

একই সঙ্গে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানিয়ে বলা হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের একতরফা পদক্ষেপ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রত্যর্পণ বা সীমান্ত সংশ্লিষ্ট যেকোনো প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি এ সংকট মোকাবিলায় জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং দুই দেশের নাগরিক সমাজকে মানবিক দৃষ্টিকোণ থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন