Wednesday, June 10, 2026

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদল নেতাকে বহিষ্কার


প্রতীকী ছবিঃ জাতীয়তাবাদী যুবদল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন রমনা থানা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে লুৎফর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে তাকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল বহিষ্কার সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে যুবদল নেতৃত্ব অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দলের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন