- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে শপথ গ্রহণ করেছেন। একই দিনে বিকেলে গঠন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায়ও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম (রিতা), আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলনসহ আরও অনেকে। টেকনোক্র্যাট হিসেবে শপথ নিচ্ছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর শাহে আলম, নুরুল হক, জোনায়েদ সাকি, ফারজানা শারমিনসহ আরও অনেকে।
দলীয় নেতাদের একাংশ বলছেন, অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি দলীয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতারাও জায়গা পেয়েছেন নতুন মন্ত্রিসভায়।
এদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিদেশি অতিথিরাও ঢাকায় আসছেন। বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগোয় বিএনপি। সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও বিকেলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।