Monday, February 16, 2026

অনেক জল্পনা কল্পনার শেষে এনসিপির জুলাই জাতীয় সনদে স্বাক্ষর


ছবিঃ এনসিপির জুলাই জাতীয় সনদে স্বাক্ষর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপির স্বাক্ষরের মাধ্যমে জাতীয় সনদ পূর্ণতা পেলো। আমরা আশা করি, এই দলিলের নির্দেশনাকে বাস্তবায়ন করে একটি মানবিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা হবে।”

নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা যথাযথভাবে পালন করব। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমরা সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছি এবং এই দায়বদ্ধতা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এনসিপির অন্যান্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন এবং জহিরুল ইসলাম।

উল্লেখযোগ্য, আগামীকাল নতুন সংসদের সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন। জাতীয় সনদে স্বাক্ষরের এই পদক্ষেপকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন