Monday, March 16, 2026

বিএনপি বারবার সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক বাহানা করছে: নাহিদ ইসলামের অভিযোগ


ফাইল ছবিঃ নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল বিএনপি বারবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনৈতিক বাহানা হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন এবং বর্তমান সরকার—সবকিছুকে সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।

রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এই নির্বাচন এই সময়ে হওয়ার কথা ছিল না। অনেক প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়নি। আগে যা সংবিধান অনুযায়ী হয়নি, তা সংসদে অনুমোদিত হওয়ার কথা ছিল। সবার রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সবকিছু এগোনোর কথা থাকলেও, সরকার যদি সেই সমঝোতা বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণ ও বিরোধীদল তার বিরুদ্ধে দাঁড়াবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সংসদে আমাদের কার্যক্রম আলাদা, রাজপথে অবস্থান আলাদা। রাজপথে আমাদের অবস্থান, কর্মসূচি ও বক্তব্য চলমান থাকবে। তিনি উল্লেখ করেন, গণভোটের পরও সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। মনে হচ্ছে, সংসদে এ বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরে তারা গণভোটকে মানে কি না, তা স্পষ্ট করলে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান জানাব।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অবজ্ঞা করা হয়েছে বলে নাহিদ অভিযোগ করেন। তিনি বলেন, গণভোট ইতোমধ্যে হয়েছে, তাই আদেশও মানা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী যে শপথ অসাংবিধানিক বলেছেন, তা গ্রহণযোগ্য নয়, কারণ শপথ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনায়।

তিনি বলেন, জুলাই সনদ ও তার বাস্তবায়ন নিয়ে পূর্বে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল। কিন্তু নির্বাচনের পর সরকার সেটি অবজ্ঞা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এই বিষয়টি নজরদারি করছে। তিনি বলেন, নব্বইয়ের গণ–অভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের সম্মতিতে সবকিছু নির্ধারিত হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি মানেনি।

নাহিদ ইসলাম বিএনপির দিক থেকে সংবিধানের দোহাই প্রদানের বিষয়ে বলেন, সংবিধানে অনেক কিছু থাকলেও সরকার তা মানছে না। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইনসহ অন্যান্য আইনের বাস্তবায়নও হচ্ছে না। তার মতে, গণ–অভ্যুত্থান ও জনগণের ভোটের মাধ্যমে সংবিধানের বৈধতা নিশ্চিত হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন