Monday, March 16, 2026

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতে ইসলামীর


প্রতীকী ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । দলটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

রোববার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–এর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার মতে, নতুন সরকারের এই পদক্ষেপ জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মূলত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হওয়াই গণতন্ত্রের ভিত্তি। কিন্তু প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে পাশ কাটিয়ে স্থানীয় সরকারকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনের পরিবর্তে নিয়োগনির্ভর ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রবণতা গণতান্ত্রিক কাঠামোর জন্য অশনিসংকেত হতে পারে। এতে জনগণের ভোটাধিকার এবং প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব প্রতিষ্ঠান পরিচালিত হবে। কিন্তু প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, সরকারের এই পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার ইঙ্গিত বহন করতে পারে বলে অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে অবিলম্বে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে জেলা পরিষদগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বানও জানান জামায়াতের সাধারণ সম্পাদক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন