Monday, March 16, 2026

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ প্রতিমন্ত্রীর


ছবিঃ তেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা নিয়ে আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় দেশের বিভিন্ন জেলার প্রশাসকরা ভার্চুয়ালি অংশ নেন। পরে এ বিষয়ে তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে অস্থিরতা রোধে জেলা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ে সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রতিদিন ডিপোর শুরু ও শেষ সময়ের জ্বালানি মজুত যাচাই করে প্রতিবেদন পাঠানো, ডিপো থেকে পেট্রল পাম্পে নির্ধারিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের ডিলার ও গ্রাহকদের কাছে জ্বালানি বিতরণ কার্যক্রম তদারকি করা।

এছাড়া কোনো পেট্রল পাম্প বন্ধ থাকলে তার কারণ অনুসন্ধান করা এবং ডিপো থেকে সরবরাহের হিসাব মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি মজুত, পাচার বা অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়ম রোধে কঠোর নজরদারির কথাও বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে এবং বাজারে যাতে কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

জেলা পর্যায়ে নিয়মিত তদারকি বাড়ানোর মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও কার্যকর রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন