Thursday, April 9, 2026

বগুড়া-৬ উপনির্বাচনে ভোটে অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থী আবিদুর রহমানের


ফাইল ছবিঃ বগুড়া–৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের মধ্যেই কারচুপি ও ফলাফল বিকৃতির অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান (সোহেল)। বৃহস্পতিবার দুপুরে বগুড়া পৌরসভার মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন।

আবিদুর রহমান দাবি করেন, রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল আগেভাগে পাল্টাতে চেষ্টা করছেন এবং বিএনপির ধানের শীষ প্রতীককে জয়ী করার জন্য বিভিন্ন কেন্দ্রের ওপর প্রভাব বিস্তার করছেন। তার অভিযোগ, মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের আগে প্রার্থীর এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে, শহরের সিটি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা আগেভাগে ব্যালট পেপারে সিল ও স্বাক্ষর করেছেন।

প্রার্থী আরও বলেন, সদর উপজেলার কিছু ভোটকেন্দ্র দখলের চেষ্টা হয়েছে, নারী ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি জানান, এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগও দায়ের করা হয়েছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকলে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “ফলাফল শিটে আগেভাগে স্বাক্ষর নেওয়া নিয়ে অভিযোগে সুনির্দিষ্ট তথ্য থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”

মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর ইসলাম জানান, এজেন্টরা নিজের ইচ্ছায় স্বাক্ষর দিয়েছেন, কাউকে চাপ দেওয়া হয়নি। তবে একজন এজেন্ট আপত্তি জানালে পরে ফলাফল শিটটি ছিঁড়ে ফেলা হয়েছে। সকাল পর্যন্ত কেন্দ্রের ২ হাজার ৮০৫ জন ভোটারের মধ্যে মাত্র ৭০ জন ভোট দিয়েছেন।

নির্বাচন শুরু হয় সকাল ৭টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি সকাল পর্যন্ত কম থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।

বগুড়া-৬ আসনের এই উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম (ধানের শীষ), জামায়াতের আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন