- ০৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩ শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "আজ দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৩ জন শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১০ জন। চিকিৎসাধীন অবস্থায় এই সময়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।"
শংকর কে বিশ্বাস আরও জানান, বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ৪৫২ জন, যাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে বেশিরভাগের বয়স ৫ বছরের নিচে। হাসপাতালের জরুরি বিভাগ ও শিশুবিশেষজ্ঞরা শিশুদের পর্যবেক্ষণ ও চিকিৎসা অব্যাহত রেখেছেন। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা সতর্কতা অবলম্বন করছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা উচিত এবং পরিচ্ছন্ন পানি ও পুষ্টিকর খাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে।