Thursday, April 9, 2026

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনের ১০ বছরের কারাদণ্ড


ছবিঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সহযোগী দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই রায় ঘোষণা করেন। মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছিলেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র‌্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। অভিযানের সময় চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

ফয়সাল করিম ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। তবে ওসমান হাদি হত্যা ঘটনার পর থেকে তিনি প্রকাশ্যে দেখা দেননি। গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।

নির্ধারিত রায়ে আদালত ফয়সাল করিমসহ দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সংশ্লিষ্ট জরিমানা প্রদান করার নির্দেশ দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন