- ০৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শেরপুর
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ভোটকেন্দ্রে জাল ভোট, কারচুপি, অনিয়ম এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তার দাবি, এমন পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং ভোট গ্রহণ শেষে পরবর্তী সময়েও বাহিনী মাঠে থাকবে।
দুই উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি কেন্দ্রে ৭৫১টি বুথে ভোটগ্রহণ চলছে। এই আসনে প্রায় ৪ লাখ ১৩ হাজারের বেশি ভোটার রয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ পর্যবেক্ষকরাও দায়িত্ব পালন করছেন।