- ১৯ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে চিকিৎসা শিক্ষা মহাপরিচালক ।
রোববার (১৯ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের আগামী ২৩ এপ্রিলের মধ্যে ভর্তি ও টিউশন ফির প্রথম কিস্তি—মোট নির্ধারিত ফির ৬০ শতাংশ—পরিশোধ করতে হবে। একই সঙ্গে ওই দিনের মধ্যে কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্বিতীয় দফার ঐচ্ছিক মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৬ এপ্রিল শেষ হয়েছে। ফলে এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করাই শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক।
এছাড়া প্রতিটি কলেজকে একই দিন বিকেল ৪টার মধ্যে ভর্তিকৃত ও অবশিষ্ট শিক্ষার্থীদের তালিকা এবং শূন্য আসনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। এ তথ্য বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল -সহ সংশ্লিষ্ট দপ্তরে ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তৃতীয় দফার মাইগ্রেশনে যেসব শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হবে, তাদের জমা দেওয়া অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত নতুন কলেজে স্থানান্তর করতে হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সীমা মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাতিল হতে পারে।