- ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজকে বেকার ভাতা দিয়ে নির্ভরশীল করে তোলা হবে না। তার মতে, বেকার ভাতা শেষ পর্যন্ত বেকার তৈরির মাধ্যম হয়ে দাঁড়ায়। বরং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দক্ষ মানবসম্পদে পরিণত করাই তাদের লক্ষ্য।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উত্তরবঙ্গে নতুন যে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, সেখানে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিনি উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ অঞ্চলে ইপিজেড স্থাপন, মরা নদীগুলো পুনরুজ্জীবিত করা এবং নদীকেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান বদলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের অবদান জাতি কখনো ভুলবে না। তার স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতেই জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন ও চাঁদাবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে জনগণকে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে।
তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ন্যায় ও সুশাসনের পক্ষে অবস্থান নেওয়া জরুরি।
গাইবান্ধা-৩ আসনে ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপা সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ গাইবান্ধার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা।