- ১৬ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ। চারদিনব্যাপী এ কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১৮ থেকে ২৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
অনলাইন প্রক্রিয়া শেষে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট এবং পে-স্লিপ তৈরি হবে। এসব কাগজপত্র এফোর সাইজে প্রিন্ট করে ভর্তি দিনের জন্য প্রস্তুত রাখতে হবে।
ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। তবে যেসব শিক্ষার্থী আগেই অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। অতিরিক্ত জমা থাকা অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের নির্ধারিত দিনে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, পূরণকৃত ফরমসমূহ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর গ্রহণের পর নির্ধারিত বুথে সব কাগজ জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে তা বাতিল হিসেবে গণ্য হবে। একইভাবে, ক্লাস শুরু হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত না থাকলেও ভর্তি বাতিল হতে পারে।