Sunday, April 19, 2026

আলমডাঙ্গায় তেল নিতে গিয়ে জরিমানা পুলিশ সদস্য


ছবিঃ জ্বালানি তেল সংগ্রহের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার স্বীকার পুলিশ সদস্য। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে জ্বালানি তেল সংগ্রহের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জরুরি সেবার আওতায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এমন পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ পুলিশ-এর স্থানীয় প্রশাসন।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সদস্য দায়িত্ব পালনের প্রয়োজনেই বিকল্প লাইনে তেল নিতে গিয়েছিলেন। তিনি তখন ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিলেন। তবুও ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। আলমডাঙ্গা থানায় কর্মরত ওই সদস্য মোটরসাইকেলে একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গেলে সেখানে দায়িত্বরত এক নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা জরুরি সেবার আওতায় থাকায় ফিলিং স্টেশনে বিকল্প লাইনে জ্বালানি নিতে পারবেন। সেই সিদ্ধান্ত অনুসারেই এতদিন কার্যক্রম চলছিল বলে দাবি করা হয়েছে।

পুলিশের মতে, দায়িত্ব পালনরত অবস্থায় এমন জরিমানা বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জরুরি সেবা কার্যক্রমেও বিঘ্ন ঘটাতে পারে। একই সঙ্গে মাঠপর্যায়ে সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে উঠেছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি সংকট মোকাবিলা, অবৈধ মজুদ ও পাচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই কাজ করে যাচ্ছে পুলিশ। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সেই সমন্বয় প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে জেলা পুলিশ সংশ্লিষ্ট সব পক্ষকে আরও দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছে, যাতে জরুরি সেবাগুলো নির্বিঘ্নভাবে পরিচালিত হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন