- ২৬ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) সভাটি হওয়ার কথা থাকলেও এক দিন এগিয়ে আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সভায় এনটিআরসিএর চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচ্যসূচির শুরুতেই রাখা হয়েছে ৯ম শিক্ষক নিয়োগ বা ১৯তম শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয়। পাশাপাশি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনো নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীদের বিষয়টিও সভায় গুরুত্ব পাবে।
সোমবার এনটিআরসিএর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভার প্রথম এজেন্ডায় ৯ম বা ১৯তম শিক্ষক নিয়োগসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় এজেন্ডায় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া তৃতীয় এজেন্ডাতেও ১৮তম নিবন্ধনধারীদের বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, বিকেল সাড়ে ৪টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে কোন কোন বিষয়ে কী সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে, তা জানা যাবে।
এর আগে শনিবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএর সার্বিক বিষয় নিয়ে সভা আয়োজনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন বিভাগের সচিব আবদুল খালেক। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় এনটিআরসিএর কার্যক্রম, শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নিবন্ধনধারীদের দীর্ঘদিনের কয়েকটি দাবি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ম শিক্ষক নিয়োগ এবং ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও প্রত্যাশা থাকায় আজকের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। সভা শেষে এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা দিকনির্দেশনা আসে কি না, সেদিকেই এখন তাদের নজর।