- ৩০ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন সামিউল ইসলাম (২০) নামে এক পেশ ইমাম। ফোনটি কেনার কথা বলে দুই যুবক তার সঙ্গে যোগাযোগ করেন। পরে আইফোনটি যাচাই করার কথা বলে মোটরসাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে তাকে মারধর করে ফোনটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় আহত সামিউল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের থানাইখাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে এবং চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে সামিউলের দেওয়া আইফোন ১৩ বিক্রির বিজ্ঞাপন দেখে ঈশ্বরদীর হাসান আলী পরিচয়ে এক যুবক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বড়াইগ্রামের নগর বাজারে আসেন। সেখানে তারা ফোনটি দেখেন এবং দাম নিয়ে কথা বলেন।
একপর্যায়ে ফোনটির মালিকানা ও অন্যান্য তথ্য অনলাইনে যাচাই করার কথা বলে সামিউলকে তাদের মোটরসাইকেলে উঠতে বলেন ওই দুই যুবক। তাদের কথায় রাজি হয়ে সামিউল মোটরসাইকেলে উঠলে তারা জোনাইল বাজারের দিকে রওনা হন।
পরে কয়েন-জোনাইল আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে সামিউলকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাকে মারধর করে সঙ্গে থাকা আইফোনটি কেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান ওই দুই যুবক।
আহত অবস্থায় কিছুক্ষণ পর পথচারীরা সামিউলকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সামিউল ইসলাম বলেন, ফোনটি যাচাই করার কথা বলে ওই দুই যুবক তাকে মোটরসাইকেলে করে জোনাইলের দিকে নিয়ে যান। পরে নির্জন এলাকায় মোটরসাইকেল থামিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয় এবং আইফোনটি নিয়ে তারা চলে যান। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনিয়ে নেওয়া আইফোনটি উদ্ধারে পুলিশ কাজ করছে।