Wednesday, September 30, 2026

২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত


ছবিঃ ৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল, বিদ্যুতের জিএম বরখাস্ত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মাগুরা

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল তৈরির ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জরুরি নির্দেশের পর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ ব্যবস্থা নেয়।

অস্বাভাবিক বিল তৈরির বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা বিদ্যুৎমন্ত্রীর নজরে আসে। পরে তিনি ওই গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেন।

ফোনালাপে মন্ত্রী জানান, ভুলটি সংশোধন করে গ্রাহকের কাছে ইতোমধ্যে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্যও গ্রাহককে অনুরোধ করেন তিনি।

ঘটনার সূত্রপাত মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা মোছা. আলেয়া খাতুনের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল নিয়ে। অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে ইস্যু করা ওই বিলে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বেশি পরিশোধের অঙ্ক উল্লেখ করা হয়।

স্বাভাবিক ব্যবহারের তুলনায় বিলের অঙ্ক এতটাই বেশি হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, গ্রাহকের মিটার পরিবর্তনের সময় একটি কারিগরি ভুলের কারণে অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, মিটার পরিবর্তনের সময় মিটারের সিল নম্বরের কয়েকটি ডিজিট ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্ট হয়ে যায়। এর ফলেই স্বাভাবিক ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ওই বিপুল অঙ্কের বিল তৈরি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলটি সংশোধন করে গ্রাহকের জন্য সঠিক বিল তৈরি ও সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন