- ৩০ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মৌলভীবাজার
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়ালের আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বর্ষিজোড়া এলাকার মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম, আব্দুল আজিজের ছেলে মো. সাইমন ইসলাম, নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম রনি এবং আব্দুল কাদিরের ছেলে আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের সঙ্গে আসামিদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নাঈম গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ নভেম্বর নাঈমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. চেরাগ মিয়া বাদী হয়ে ৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে খালাসের রায় দেন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, আদালতের এ রায়ে তারা সন্তুষ্ট। তার প্রত্যাশা, উচ্চ আদালতেও মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে।
তিনি বলেন, এ ধরনের মামলায় দোষীদের শাস্তি নিশ্চিত হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।