- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। নতুন দর অনুযায়ী ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের গয়নার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক ধাপ বাড়ল। ফলে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার কিনতে আগ্রহী ক্রেতাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়তে পারে।