- ২৭ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউডে বহু তারকাকে একসঙ্গে নিয়ে সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। তবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সেই ধারণাকেও নতুন মাত্রায় নিয়ে গেছে। ৩৪ জন অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত এই সিনেমার শুটিংয়ে প্রতিদিন প্রায় ৯০০ মানুষের উপস্থিতি, ৫০টি ভ্যানিটি ভ্যান এবং দুই শতাধিক গাড়ির সমন্বয় করতে হয়েছে। এত বিশাল আয়োজনের পরও ছবিটির নির্মাণ ব্যয় সীমাবদ্ধ রাখা হয়েছে ১১৫ কোটি রুপিতে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ছবির পরিচালক আহমেদ খান।
তিনি জানান, ছবিতে ৩৪ জন অভিনেতা অভিনয় করলেও তাঁদের মধ্যে প্রায় ৩০ জনই বলিউডের সুপরিচিত তারকা। এত বড় শিল্পী দলকে একসঙ্গে নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে শুটিং শুরুর আগেই বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছিল। প্রতিটি অভিনেতার ছবি ও শুটিং সূচি নিয়ে অফিসে একটি বড় পরিকল্পনা বোর্ড তৈরি করা হয়, যাতে প্রতিদিনের কাজ সহজে সমন্বয় করা যায়।
আহমেদ খানের ভাষ্য, ক্যামেরার সামনে যতজন শিল্পী ছিলেন, ক্যামেরার পেছনের কর্মব্যস্ততা ছিল তারও কয়েক গুণ বেশি। প্রতিটি তারকার সঙ্গে ব্যক্তিগত সহকারী, মেকআপশিল্পী, হেয়ার স্টাইলিস্টসহ আলাদা টিম থাকায় শুধু শিল্পীদের সঙ্গেই প্রতিদিন প্রায় ১৫০ জন উপস্থিত থাকতেন। এর বাইরে মূল ইউনিট, অ্যাকশন টিম, স্টান্ট পারফর্মার, ঘোড়সওয়ার, ব্যাকগ্রাউন্ড শিল্পী ও নৃত্যশিল্পীদের নিয়ে কোনো কোনো দিন সেটে প্রায় ৯০০ মানুষের সমাগম ঘটেছে।
এত বড় ইউনিট পরিচালনা করতে শুটিং লোকেশনেও বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। পরিচালক জানান, একটি মাঠে পুরো ইউনিটের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় পাশাপাশি দুটি বড় মাঠ ভাড়া নেওয়া হয়েছিল। শুধু ৫০টি ভ্যানিটি ভ্যান রাখার জন্যই প্রয়োজন হয়েছিল বিশাল জায়গার। পাশাপাশি ইউনিট সদস্যদের জন্য আলাদা কেবিন, মেকআপ জোন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে তোলা হয়।
শুধু সেট ব্যবস্থাপনাই নয়, প্রতিদিনের যাতায়াতও ছিল বড় চ্যালেঞ্জ। অভিনেতা, কলাকুশলী ও টেকনিক্যাল টিমের জন্য প্রতিদিন ২০০ থেকে ২৫০টি গাড়ি ব্যবহার করা হয়েছে। আহমেদ খান বলেন, এত বড় শুটিং পরিচালনা করা অনেকটা প্রতিদিন একটি বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন করার মতো। অনেক সময় চলচ্চিত্র নির্মাণের চেয়ে পুরো ব্যবস্থাপনাই বেশি কঠিন হয়ে উঠেছিল।
তিনি আরও জানান, এত তারকার উপস্থিতিতে মতবিরোধ বা ব্যক্তিগত অহমিকার আশঙ্কা থাকলেও বাস্তবে সবাই পেশাদার মনোভাব নিয়ে কাজ করেছেন। তীব্র গরম, ব্যস্ত সময়সূচি এবং দীর্ঘ শুটিং সত্ত্বেও শিল্পীদের সহযোগিতার কারণে নির্ধারিত সময়েই কাজ শেষ করা সম্ভব হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভারতে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, আরশাদ ওয়ারসি, জনি লিভার, জ্যাকি শ্রফ, লারা দত্তসহ বলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা। বিশাল শিল্পী বহর এবং সুবিশাল প্রযোজনা আয়োজনের কারণে মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।