- ২৭ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীসহ মোট ৬৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ৬৩ জনকে নিয়মিত বিশেষ অভিযানে এবং পৃথক অভিযানে আরও সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর এবং বনানী এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, শুক্রবার দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন চাঁদাবাজ, তিনজন জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, ১৩ জন দস্যুতা, ডাকাতি ও ছিনতাই-সংক্রান্ত অভিযোগে সন্দেহভাজন এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে আটক করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারের অভিযোগে এবং একজন দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংক্রান্ত মামলার আসামি বলে জানানো হয়েছে।
ডিএমপি বলেছে, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।